ছয় মাসের মধ্যে আবারও কর্মী ছাঁটাই করছে বাইজু’স
বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে গণছাঁটাই। সেই কর্মী ছাঁটাই করার কোম্পানিগুলোর তালিকায় পুনরায় নাম লেখালো ভারতীয় শিক্ষাপ্রযুক্তি কোম্পানি বাইজু’স। শোনা যাচ্ছে, এবার এক হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে চলেছেন।
মাইক্রোসফট থেকে গুগল, ফেসবুক থেকে টুইটার, একের পর এক কোম্পানি বিশ্বজুড়ে তাদের নিজেদের কর্মীর সংখ্যা কমিয়েছে। ফলে প্রকট হয়েছে বেকারত্ব। এরই মধ্যে ভারতের জনপ্রিয় শিক্ষা প্রযুক্তি কোম্পানিটিও ফের কর্মী সংখ্যা কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, এবার ডিজাইন, প্রোডাকশন ও ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীদের ছাঁটাই করা হবে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকেই বাদ পড়তে চলেছেন ৩০০ কর্মী।
২০২৩ সালের মার্চের মধ্যে লাভের মুখ দেখতে প্রথম দফায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিলো বাইজু’স। সেবার আড়াই হাজার কর্মীর চাকরি যায়। বাইজু'সের সহ-কর্ণধার বিদ্য গকুলনাথ জানিয়েছিলেন, নতুন করে নিজেদের ব্র্যান্ডের প্রচার করবেন তারা। সেই সঙ্গে কয়েক মাসের মধ্যেই অন্তত ১০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু আপাতত নতুন করে কর্মী ছাঁটাইয়ের খবরই শিরোনামে উঠে এলো।
২০১৫ সালে তৈরি হওয়া ভারতীয় এই স্টার্টআপ কোম্পানিটি অতি অল্প সময়ের মধ্যেই বিশ্বের সবচেয়ে দামি এডটেক স্টার্টআপে পরিণত হয়। এমনকী গত বছর শেয়ার বাজারেও পা রাখে তারা।
ডিবিটেক/বিএমটি







